নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু
বয়সের ব্যবধান তিন থেকে পাঁচ বছর হলেও বন্ধুত্বের বন্ধনে কোনো দূরত্ব ছিল না। সব সময় একসঙ্গেই চলাফেরা করতেন শাহদাত হোসেন, আবদুল করিম ও মো. শামীম। তিন বন্ধুর মধ্যে করিম ছিল দশম শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার নির্বাচনী পরীক্ষা শেষ করে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয় করিম। তাঁদের গন্তব্য ছিল লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডারে মেঘনা নদীর তীর। তবে আনন্দভ্রমণ শেষ হওয়ার আগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
পথিমধ্যে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি সেতুর গার্ডারে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শাহদাত হোসেন ও আবদুল করিমের মৃত্যু হয়। গুরুতর আহত মো. শামীমকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজার-চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, সুবর্ণচর ও রামগতি পাশাপাশি উপজেলা। তিন বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


0 Comments