অবৈধ ইটভাটা বন্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের
দেশের সব অবৈধ ও লাইসেন্সবিহীন ইটভাটার কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও সব বিভাগীয় কমিশনারকে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তবে বৈধ ইটভাটার মালিকরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন আদালত।
আবেদনকারী পক্ষের তথ্য অনুযায়ী, সারা দেশে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের দাবিতে ২০২২ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে একটি রিট আবেদন করা হয়।
ওই রিটের শুনানি শেষে ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। পরবর্তী সময়ে ২০২৪ সালের ৪ মার্চ ও ২৮ নভেম্বর এবং ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি দেওয়া আদেশেও অবৈধ ইটভাটা অপসারণের কার্যক্রম সম্পন্ন করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তবে নতুন করে অবৈধ ইটভাটার কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে—এমন তথ্য পাওয়ার পর গত সপ্তাহে এইচআরপিবির পক্ষ থেকে আদালতে একটি সম্পূরক আবেদন করা হয়। আবেদনে অবৈধ ইটভাটা অপসারণসংক্রান্ত আগের নির্দেশনাগুলোর বাস্তবায়ন প্রতিবেদন দাখিলের আবেদন জানানো হয়।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী ও সঞ্জয় মণ্ডল। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ এবং ইটভাটার মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী।
আবেদন মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ জানান, দেশের অবৈধ ইটভাটাগুলো বন্ধে আদালতের আগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পরিবেশ অধিদপ্তর ও সব বিভাগীয় কমিশনারকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। পাশাপাশি বৈধ ইটভাটার মালিকদের হয়রানি না করার নির্দেশনাও দিয়েছেন আদালত।


0 Comments