Header Ads Widget

পুলিশের মামলার পর জানা গেল পলাতক সাবেক এমপি রনজিত সিলেটে গোপনে সভা করেছেন


 

পুলিশের মামলার পর জানা গেল, সিলেটে গোপনে সভা করেছিলেন পলাতক সাবেক এমপি রনজিত

সিলেটের রাতারগুলে একটি ইকো রিসোর্টে গোপনে দলীয় সভা করেছেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রনজিত সরকার। পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে এ সভার আয়োজন করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় রনজিত সরকারসহ মোট ১৯৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল এলাকার ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ এ সভা অনুষ্ঠিত হয়। রোকন মিয়া নামের এক আইনজীবী শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নেন। প্রথমে সেখানে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হলেও পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার উপস্থিত হন। তিনি দলীয় ব্যানার টাঙিয়ে নেতাকর্মীদের উদ্দেশে কয়েক মিনিট বক্তব্য দেন। এরপর দ্রুত স্থান ত্যাগ করেন।

পরদিন ৯ নভেম্বর বিকেলে রনজিত সরকার নিজের ফেসবুক অ্যাকাউন্টে সভার একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার অনুসন্ধানে নামে।

পুলিশের অনুসন্ধানে সভার স্থান হিসেবে রাতারগুলের ওই রিসোর্টের তথ্য পাওয়া যায়। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় রনজিত সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, সভার ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে সিলেট নগরের গোপালটিলায় রনজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তিনি ও সংশ্লিষ্ট রিসোর্টের মালিক আত্মগোপনে রয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

রনজিত সরকার সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।

Post a Comment

0 Comments